জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে শিল্পায়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণা রাজ্য সরকারের। জমি অধিগ্রহণ নিয়ে অতীতের বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে এবার শিল্পের জন্য প্রয়োজনীয় জমি সরকার নিজেই সংগ্রহ করে বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
পাশাপাশি, বড় শিল্পপ্রকল্পের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া সরিয়ে কেন্দ্রীয়ভাবে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও চালু করার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রূপরেখাও তুলে ধরেন। ডানকুনির এই নতুন প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলেও জানানো হয়। প্রায় ১২ লক্ষ বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠবে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র।
শিল্পে নতুন বিনিয়োগ টানার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই রাজ্য সরকার জমি ও লাইসেন্স সংক্রান্ত নীতিতে এই পরিবর্তনের পথে হাঁটছে। সরকারের আশা, নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পরিবেশ আরও সহজ ও বিনিয়োগবান্ধব হয়ে উঠবে।
