রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির বিশেষ সতর্কতা না থাকলেও অন্যান্য জেলায় আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বুধবার সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।