জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ এবার পুরনো হওয়ার পথে। চালু হতে চলেছে গঙ্গাসাগর সেতু। মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো।
সম্প্রতি একটি বৈঠকে নির্মাণকারী সংস্থার তিন প্রতিনিধি প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর নকশা দেখান। ওই বৈঠকেই ব্রিজটির দৈর্ঘ্য, স্থায়িত্ব থেকে স্তম্ভের বিন্যাস নিয়ে হয় বিস্তারিত আলোচনা এবং ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন সেতুর জন্য। মুড়িগঙ্গা নদীর নাব্যতার কথা মাথায় রেখেই সেতুর অত্যাধুনিক নকশা তৈরি করা হয়েছে।
সেতু নির্মাণের কাজে ব্যবহৃত বড় আকারের যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী রাখার জন্য আরও ১০ বিঘা জমি লাগবে সংস্থার। সেইসঙ্গে কর্মী, শ্রমিকদের থাকার জন্যও লাগবে জমি। মনে করা হচ্ছে, গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য বড়সড় সুবিধা করে দেবে এই নতুন সেতু। যাতায়াত সহজ হওয়ায় পর্যটনে নতুন জোয়ার আসবে। নকশা অনুমোদিত হওয়ার পরিকাঠামোগত কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।
