এই প্রথম পর্যটন নগরী দিঘায় আয়োজন করা হচ্ছে মহাসমারোহে রথযাত্রা উৎসব। এই ঐতিহাসিক আয়োজনের সূচনা করতে আগামী ২৬ জুন দিঘায় আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক সূত্রের খবর, ২৭ জুন সকালে মুখ্যমন্ত্রী স্বয়ং সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথে ঝাঁট দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে দুই লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণে গোটা শহরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় থাকছে: সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশের নিয়মিত টহল, জাতীয় ও রাজ্য সড়কে একাধিক নাকা চেকিং।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা দিঘা পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে দিঘায় পৌঁছাবেন, তবে তিনি কবে ফিরবেন, সেই সিদ্ধান্ত এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, দিঘার জগন্নাথ মন্দির কেন্দ্রিক উৎসবকে রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২৬ জুন পর্যন্ত। ইতিমধ্যে রথ চালনার মহড়া সম্পন্ন হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে দিঘা শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
