বিধানসভার অধিবেশনে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের একাধিক বিতর্কিত বক্তব্যকে সামনে এনে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তাও দেন তিনি।
সোমবার স্পিকারের অনুমতি নিয়ে বিধানসভায় হুমায়ুন কবীরের দুটি বক্তব্যের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ওই বক্তব্য গুলিতে উস্কানিমূলক ভাষা ব্যবহার, আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান ও প্রশাসনের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় ইতিমধ্যেই দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যে তিনি আরও দাবি করেন, মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন উপনির্বাচনকে সামনে রেখেই উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।
তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক মেরুকরণের উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য রাখা হচ্ছে। বক্তব্যের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি মুর্শিদাবাদে গিয়ে প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করবেন ও আইনের শাসন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর হুমায়ুন কবীর বা তাঁর দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
