উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী এক সপ্তাহ প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলতে পারে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী শনিবার ও রবিবার এই পাঁচ জেলাতেই প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হুগলিতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং পূর্ব বিহার থেকে উপকূলীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থানকারী নিম্নস্তরের অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
