কোচবিহারে গাড়িচালকের রহস্যমৃ*ত্যু, খু*নের অভিযোগ পরিবারের

কোচবিহার-২ ব্লকের বড়গিলা এলাকায় জেলাশাসক দপ্তরের এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তাপস সরকার (৩৬)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে তাপসের জুতো দু’টি আলাদা জায়গায় পড়ে ছিল। পাশাপাশি, তিনি যে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্কুটিটি পরে তাঁর এক বন্ধুর বাড়িতে পাওয়া যায়। এসব বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের দাবি, মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠান ও মনসা পূজার নিমন্ত্রণে যাওয়ার কথা বলে তাপস বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করলে তিনি শীঘ্রই ফেরার কথা জানান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী তাঁকে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি করার কথা জানালে পরিবারের সদস্যরা হাসপাতালে যান এবং তাঁর মৃত্যুর খবর পান।

তাপসকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।