উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলনে ডাবগ্রাম-ফুলবাড়ি-শিলিগুড়ি কমিটি

রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। রেলের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে মিছিল করে এডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ইন্সটিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাবেন আন্দোলনকারীরা।

রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করা, উচ্ছেদের মুখে থাকা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে জাতীয় পতাকা হাতে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন।

কোনও বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু পরিবার সমস্যায় পড়বেন। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং উচ্ছেদ বন্ধের দাবিতে এডিআরএম অফিসে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।