টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে ধ*স, ব্যাহত যান চলাচল

বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে একাধিক স্থানে ধস নেমেছে। বৃহস্পতিবার সকালে করোনেশন সেতুর কাছে সেবক রোডে ধস নামায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে। পরে পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অন্যদিকে, শিলিগুড়ি-কালিম্পং-গ্যাংটক সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের ২০ থেকে ২৯ মাইল এলাকায় একাধিক ধসে যান চলাচল ব্যাহত হয়েছে। বহু পর্যটক দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়েছেন। ছোট গাড়িগুলিকে গজলডোবা–করোনেশন সেতু–মংপং রুট এবং ভারী যানবাহনকে গরুবাথান–মুনসং রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।