ভারতের পেট কেয়ার বাজারে এক অনন্য নজির গড়ল কলকাতা। দেশের মধ্যে কলকাতাই এখন সবচেয়ে বড় ‘বিড়াল-প্রধান’ মার্কেট। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কলকাতায় কুকুর ও বিড়ালের জন্য অর্ডার করা খাবারের মধ্যে ৮০%-এরও বেশি শুধু বিড়ালের খাবারের জন্য। জাতীয় স্তরেও পোষ্য লালন-পালনের এই প্রবণতা দ্রুত বাড়ছে। সুইগি ইনস্টামার্ট-এর গত এক বছরের রিপোর্টে দেখা গিয়েছে, দেশজুড়ে পেট কেয়ার অর্ডার ৪১% বেড়েছে এবং মোট চাহিদার প্রায় ৬০% জুড়ে রয়েছে ক্যাট ফুড।
সার্বিকভাবে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লি সবচেয়ে বড় মার্কেট হলেও, আসল চমক দেখা যাচ্ছে টিয়ার-২ শহরগুলোতে। সেখানে পেট কেয়ার অর্ডারের বার্ষিক বৃদ্ধি ঘটেছে ৯৬%। গুয়াহাটি (+১৪৭৩%), ডিব্রুগড় (+৭৯৬%) ও মিরাটের মতো শহরগুলো এই তালিকায় শীর্ষে রয়েছে। বিড়াল ও কুকুরের জনপ্রিয়তার লড়াইয়ে দেখা যাচ্ছে, ভারতের ‘ক্যাট ক্যাপিটাল’ বা বিড়ালের রাজধানী মুম্বই, যেখানে বেঙ্গালুরু কুকুরপ্রেমীদের তালিকায় শীর্ষে। এছাড়া, পাখির খাবারের চাহিদা ১৭৮% এবং খরগোশের খাবারের চাহিদা ১৩০% বেড়েছে।
খাবারের পাশাপাশি পোষ্যদের গ্রুমিং ও স্বাস্থ্যের ওপরও জোর দিচ্ছেন মালিকরা। ‘ডগ শ্যাম্পু’ এখন ইনস্টামার্টের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সার্চ টার্ম। গ্রেন-ফ্রি বা শস্যহীন খাবারের চাহিদা ১৫২% বেড়েছে এবং মোট অর্ডারের ৪৫% জুড়েই রয়েছে ওয়েট ফুড। পোষ্যদের প্যাম্পার করার ক্ষেত্রে বেঙ্গালুরু ও গুরগাঁও এগিয়ে রয়েছে, যেখানে ডগ আইসক্রিমের সার্চ ২৪৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৫ থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ভারতের ১৩০টিরও বেশি শহরের অর্ডারের ওপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে।
