হোম লোনে ৬৫ মাস সুদ স্থির রাখার সুবিধা কোটাকের

বাড়ি কেনার পর EMI-এর পাশাপাশি ইন্টেরিয়র, শিক্ষা, সঞ্চয় ও দৈনন্দিন খরচ সামলাতে হয় পরিবারকে। এই আর্থিক পরিকল্পনাকে আরও সহজ করতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক চালু করলো হাইব্রিড হোম লোন। এই ঋণে গ্রাহক ৩৯, ৫২ অথবা ৬৫ মাসের জন্য সুদের হার স্থির রাখার সুযোগ পাবেন।

নির্ধারিত স্থির সুদের মেয়াদে রেপো রেট বাড়লেও ঋণের সুদের হার ও EMI অপরিবর্তিত থাকবে। ফলে বাড়ি কেনার শুরুর কয়েক বছর গ্রাহকরা তুলনামূলক নিশ্চিন্তে আর্থিক পরিকল্পনা করতে পারবেন। মেয়াদ শেষ হলে ঋণটি স্বয়ংক্রিয়ভাবে রেপো রেটের সঙ্গে নির্ধারিত স্প্রেড যুক্ত ফ্লোটিং রেটে চলে যাবে। ভবিষ্যতের স্প্রেড ঋণ অনুমোদনের সময়ই গ্রাহককে জানিয়ে দেওয়া হবে।

এবিষয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের হেড–মর্টগেজেস নকুল সাক্সেনা বলেন, দীর্ঘমেয়াদি হোম লোনে সুদের হারের ওঠানামা EMI ও পারিবারিক বাজেটে প্রভাব ফেলতে পারে। তাই ৬৫ মাস পর্যন্ত সুদের হার স্থির রাখার সুযোগ গ্রাহকদের আর্থিক পরিকল্পনায় বাড়তি নিশ্চয়তা দেবে।

এই সুবিধা হোম লোন এবং লোন এগেইনস্ট প্রপার্টি—দুই ক্ষেত্রেই পাওয়া যাবে। ফ্লোটিং-রেট হোম লোনের মতোই সুদের হার রাখা হয়েছে এবং হাইব্রিড সুবিধার জন্য কোনও অতিরিক্ত প্রিমিয়াম নেওয়া হবে না। সারা ভারতে যোগ্য বেতনভোগী ও স্বনিযুক্ত গ্রাহকরা এই ঋণ নিতে পারবেন।