১১ ফুটের মা বামাকালীর মহাবিসর্জন জলপাইগুড়িতে

ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্য, হাতে জ্বলন্ত মশাল আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে সম্পন্ন হল ১১ ফুটের মা বামাকালীর মহা বিসর্জন। শুক্রবার রাতে ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে এই বিসর্জন শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরের বহু মানুষ অংশ নেন। মশালের আলোয় রাতের রাজপথ আলোকিত হয়ে ওঠে। ধামসা-মাদলের তালে আদিবাসী নৃত্যের পরিবেশনা শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।

জলপাইগুড়ির ভগৎ সিং কলোনি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ইন্দিরা গান্ধী কলোনি মোড় হয়ে রাজবাড়ি পাড়া দীঘিতে পৌঁছায়। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে ১১ ফুটের মা বামাকালীর প্রতিমা নিরঞ্জন করা হয়। পুরো আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।