শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডে বাড়ি মালিকের অভিযোগের ভিত্তিতে ভাড়াটের করা অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম। বুধবার এসএনটি গুদাম সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাড়ির মালিক যোগেশ শর্মা তাঁর একটি বাড়ি ডঃ বিভা মিশ্রা সিংকে যোগা সেন্টার চালানোর জন্য ভাড়া দিয়েছিলেন। বাড়ি মালিকের অভিযোগ, ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই ভাড়াটে বাড়ি খালি করেননি। পাশাপাশি বাড়ির বাইরে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এরপর বাড়ি মালিকের এক আত্মীয়ের তরফে শিলিগুড়ি পুরনিগমে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ডঃ বিভা মিশ্রা সিং। তাঁর দাবি, ওই বাড়িতে তিনি যোগা সেন্টার চালাতেন। অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পুরনিগম পর্যাপ্ত সময় ও নোটিশ না দিয়েই ভাঙার কাজ শুরু করেছে।
অন্যদিকে, পুরনিগমের তরফে জানানো হয়েছে, নিয়ম ও নির্দেশ অনুযায়ীই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনায় বাড়ি মালিক ও ভাড়াটের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে।
শিলিগুড়িতে বাড়িওয়ালার অভিযোগে ভাড়াটের ‘অবৈধ নির্মাণ’ ভাঙল পুরনিগম
