দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আচমকাই বাড়ানো হল সমস্ত প্যাকেটজাত পানীয় জলের দাম। এবার থেকে সমস্ত প্যাকেটজাত জনপ্রিয় ব্র্যান্ডের পানীয় জল খেতে গেলে ৫ থেকে ১০ টাকা বেশী খরচ করতে হবে।
আসলে ইদানীং বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির সাথে সাথেই বেড়েছে পরিবহণ খরচ। যার ফলে এবার থেকে বিসলেরি কিংবা অ্যাকুয়াফিনার মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৫ কিংবা ১০ লিটারের জলের বোতল অথবা জার কিনতে হলে অতিরিক্ত টাকা দিয়ে হবে। এক ধাক্কায় পানীয় জলের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় একাধিক পরিবার।
এপ্রসঙ্গে কলকাতার এক বাসিন্দা বলেছেন, ‘জল মানেই অত্যাবশ্যকীয় একটি পণ্য। তাই এমন ভাবে জলের দাম বাড়ানো উচিত নয়, যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ে।’ তবে অনেক ব্যবসায়ী দাবী করছেন, বাজারে ব্র্যান্ডেড জলের দাম বাড়লে, স্থানীয়ভাবে তৈরি জলের জারেরও দাম বাড়বে।
