বিনিয়োগ পেশাদারদের গ্লোবাল সংস্থা সিএফএ ইনস্টিটিউট সম্প্রতি কলকাতায় একটি প্রফেসরস’ রাউন্ডটেবল বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকে শহর ও সংলগ্ন অঞ্চলের ১৫টি শীর্ষস্থানীয় কলেজ ও প্রতিষ্ঠানের ১৬ জন অধ্যাপক একত্রিত হন। আলোচনার মূল বিষয় ছিল ‘কীভাবে শিক্ষাঙ্গন এবং বিনিয়োগ পেশা একসঙ্গে কাজ করে পরবর্তী প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা পেশাদারদের প্রস্তুত করতে পারে।’ অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল, “ভবিষ্যতের সম্পদ ব্যবস্থাপনা পেশাদারদের প্রস্তুতি।”
এই গোলটেবিল বৈঠকে শিক্ষক ও বিনিয়োগ পেশাদাররা শিল্পের পরিবর্তনশীল চাহিদা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পের মেলবন্ধন নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনার নতুন প্রবণতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়।
সিএফএ ইনস্টিটিউটের সিনিয়র অফিসার সায়ন ব্যানার্জি বলেন, “শিক্ষাঙ্গন ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরিতে আমরা কাজ করে চলেছি। কলকাতার শিক্ষাবিদদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ উদ্যোগগুলোকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।“ সিএফএ পেশাদার রেশমি মোদি ও বিনয় বাগ্রির পরিচালনায় এই ইন্টারেক্টিভ বৈঠকে আইআইএম কলকাতা, সেন্ট জেভিয়ার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় সহ ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষাবিদরা অংশ নেন। অংশগ্রহণকারীরা আলোচনাটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে সিএফএ ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।
ভবানিপুর এডুকেশন সোসাইটি কলেজের কমার্স বিভাগের সমন্বয়ক অধ্যাপক বিবেক পাটোয়ারী বলেন, “সিএফএ ইনস্টিটিউট ফিন্যান্স প্রফেসরস রাউন্ডটেবল শিক্ষা এবং শিল্পের মধ্যে অর্থপূর্ণ সংলাপের জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম।”
সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনমাস), কলকাতার বি.কম (এম)-এর সহকারী অধ্যাপক মৈত্রেয়ী বসু যোগ করেছেন, “বৈঠকটি সত্যিই ফলপ্রসূ হয়েছে। সিএফএ প্রোগ্রাম পাঠ্যক্রমটি বিনিয়োগ বিশ্লেষণ, নীতিশাস্ত্র এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে বাস্তবসম্মত দক্ষতা তৈরি করার জন্য অত্যন্ত প্রশংসিত।”
সম্পদ ব্যবস্থাপনা শিক্ষা নিয়ে কলকাতায় বসল সিএফএ ইনস্টিটিউটের গোলটেবিল বৈঠক
