ভারতে সামুদ্রিক পরিষেবা সম্প্রসারণে ডিপি ওয়ার্ল্ড

ভারতে উপকূলীয় শিপিং পরিষেবা আরও সম্প্রসারিত করলো ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটি ২,৫০০ টিইইউ-র বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ডিপি ওয়ার্ল্ড ইন্ডাস নামে একটি নতুন কনটেনারবাহী জাহাজ কিনেছে। ভারতের পতাকাবাহী এই জাহাজটি দেশের বিভিন্ন বড় বন্দরের মধ্যে উপকূলীয় পণ্য পরিবহণে ব্যবহার করা হবে। এর ফলে দ্রুত, নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব পরিবহণ পরিষেবা আরও শক্তিশালী হবে। এই উদ্যোগ ভারতের Maritime Vision 2030-এর লক্ষ্য পূরণেও সহায়ক হবে।

বর্তমানে ডিপি ওয়ার্ল্ড-এর শিপিং সলিউশনস নেটওয়ার্ক দেশের ১৪টি বন্দরকে ১০টি জাহাজের মাধ্যমে যুক্ত করেছে। ২০২৫ সালে সংস্থাটি উপকূলীয় শিপিংয়ের মাধ্যমে ৪ লক্ষ ৭৩ হাজারেরও বেশি টিইইউ কনটেনার পরিবহণ করেছে। নতুন জাহাজটি সম্প্রতি ডিপি ওয়ার্ল্ড পরিচালিত জেদ্দা সাউথ কনটেনার টার্মিনালেও প্রথমবারের মতো পৌঁছেছে।

ডিপি ওয়ার্ল্ড -এর গ্লোবাল চিফ অপারেটিং অফিসার (মেরিন সার্ভিসেস) গণেশ রাজ বলেন, এই নতুন জাহাজ সংযোজনের মাধ্যমে ভারতের উপকূলীয় শিপিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি দীর্ঘ দূরত্বে সড়কপথে পণ্য পরিবহণের বিকল্প হিসেবে এটি আরও কার্যকর ও নির্ভরযোগ্য পরিষেবা দেবে। তাঁর মতে, এই উদ্যোগ ভারতের সামুদ্রিক খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সরকারের লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাবে। এর আগে উপকূলীয় ও স্বল্প দূরত্বের সমুদ্রপথে পরিবেশবান্ধব পণ্য পরিবহণ বাড়াতে সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই করেছে ডিপি ওয়ার্ল্ড।