জাতীয় নিরাপত্তায় জোর, হলদিয়া বন্দরে চালু হচ্ছে ইমিগ্রেশন ব্যবস্থা

হলদিয়া বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র বা ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এর ফলে ভবিষ্যতে এই বন্দরেও পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের ব্যবস্থা চালু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর আওতায় হলদিয়া বন্দরে এই নতুন চেকপোস্ট গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের উপকূলবর্তী ৪০টি বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র রয়েছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে হলদিয়া দেশের ৪১তম বন্দর হিসেবে ওই তালিকায় যুক্ত হবে। বন্দর কর্তৃপক্ষের মতে, হলদিয়া বন্দর দিয়ে নিয়মিত বিপুল সংখ্যক পণ্যবাহী জাহাজের যাতায়াত হয়, যেখানে বিভিন্ন দেশের নাবিক ও কর্মীরা দায়িত্ব পালন করেন।

এতদিন এসব বিদেশি নাবিক ও জাহাজকর্মীরা পণ্য ওঠানামার কাজ শেষে বন্দরের বাইরে প্রবেশের অনুমতি পেতেন না। নতুন ইমিগ্রেশন চেকপোস্ট চালু হলে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ভ্রমণ নথি যাচাইয়ের মাধ্যমে তাঁরা বৈধভাবে প্রবেশের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চলাচল আরও সুশৃঙ্খল করা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি, বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি এবং বিদেশি জাহাজকর্মীদের আনুষ্ঠানিক প্রবেশ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।