অস্ত্রসহ দুষ্কৃতী ধরল প্রধাননগর থানার পুলিশ

শিলিগুড়িতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। বুধবার গভীর রাতে শিলিগুড়ির হিমাচল কলোনির একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সেখানে ১১ থেকে ১২ জনের একটি দল জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। “পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পরিকল্পনা করে এই অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক অস্ত্র। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।”ধৃতদের নাম বিট্টু খান, বিকি পোদ্দার, রাজু সাহানি এবং মহম্মদ আলমগীর। চারজনই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোথায় ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।