পশ্চিম হিমালয় দ্রুত উষ্ণ হচ্ছে, বাড়ছে বরফ গলার ঝুঁকি, উঠে এলো গবেষণায়

এক নতুন গবেষণায় জানা গিয়েছে যে, পূর্ব বা মধ্য হিমালয়ের তুলনায় পশ্চিম হিমালয়ের জলবায়ু অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। ১৯০১ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২০ বছরের আবহাওয়ার তথ্য এবং আটটি জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে। গবেষণাটি প্রকাশ করেছে ‘জার্নাল অফ আর্থ সিস্টেম সায়েন্স’। বিআইটি মেসরা, আইআইটিএম পুনে এবং অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
গবেষণায় দেখা গিয়েছে, হিমালয়ের প্রতিটি অংশেই শীতকালে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। তবে পশ্চিম হিমালয়ের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এখানে শীত ও বসন্ত, উভয় ঋতুতেই রাতের তাপমাত্রা দিনের তুলনায় দ্রুত বাড়ছে। এর ফলে বরফ ও তুষার সহজে জমতে পারছে না এবং দ্রুত গলে যাচ্ছে।
বিশেষ করে কার্বন নির্গমন কমানো না গেলে চলতি শতাব্দীর শেষে পশ্চিম হিমালয়ে শীতকালের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে। এমনকি বসন্তকালে বরফ জমার পরিমাণও আশঙ্কাজনক হারে কমে যাবে। এই অঞ্চলে ১৫ হাজারের বেশি হিমবাহ রয়েছে, যা সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের প্রধান উৎস। এই নদীগুলোর ওপর নির্ভর করে বেঁচে আছে প্রায় দেড়শো কোটি মানুষ।
গবেষকরা এই সংকট মোকাবিলায় অঞ্চলভিত্তিক জলবায়ু নীতি প্রণয়ন, উন্নত প্রযুক্তিতে নজরদারি বাড়ানো এবং টেকসই জল ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নদীমাতৃক অববাহিকায় ভয়াবহ জলসংকট দেখা দিতে পারে।