চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ভক্তরা। সীতারামপুরের বিদাইগড় এলাকায় গারুই নদীর ওপর সেতুর নির্মাণকাজ কয়েক মাস ধরে বন্ধ থাকায় নড়বড়ে বাঁশের পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, আসানসোল পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিদাইগড় এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মাণ শুরু হলেও বিধানসভা নির্বাচনের আগে কাজ বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে সেতুর অসম্পূর্ণ স্তম্ভ পড়ে রয়েছে, কিন্তু দীর্ঘদিনেও নির্মাণকাজ ফের শুরু হয়নি।
বর্ষায় নদীতে জল বাড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। শিশু, মহিলা ও প্রবীণদেরও জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের পাটাতন পার হতে হচ্ছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।
