আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি।
বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তিনি। উত্তরকন্যা থেকেই এই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক এবং পরিবারের একজনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
তারপরেই মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, সেখানে জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই সফরকে কেন্দ্র করে উত্তরকন্যা এবং শিলিগুড়ি শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিনই ফের কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
